১৯ জানুয়ারি, ২০১৯ ২১:২১
দুই শতাধিক শিক্ষার্থীদের নিয়ে (ওরিয়েন্টেশন ক্লাস) ‘পাঠ-দান’ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’। ফলে চাউলধনী হাওরালের প্রায় ১৫টি গ্রামের শিক্ষার্থীরা সহজেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ পাচ্ছে।
শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে চাউলধনী স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জলার ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’র ভূমি দাতা বিশিষ্ট সমাজসেবক ও বিশ্বনাথের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।
বক্তব্যে মুহিবুর রহমান বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া যেমন এ বিদ্যাপীঠ তৈরি করা যায়নি, তেমনি সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠানটিকে এগিয়েও নেওয়া যাবেনা। প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত যুক্তরাজ্য প্রবাসীসহ এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চাউলধনী হাওর এলাকার মানুষদের দীর্ঘ ৪৭ বছর ধরে অনেক কষ্টের মাধ্যমে লেখাপড়া করতে হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতেই ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় অচিরেই এটি একটি মানসম্মত ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এরআগে অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ছাত্র আনহার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার।
চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সাহিদুর রহমানের সভাপতিত্বে এবং চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও সহকারী শিক্ষক মো. আলফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হক, চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটি ইউকের সহ-সভাপতি হাজী নফর আলী, সাধারণ-সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ, সদস্য ও যুক্তরাজ্যের নরউচ সিটির সাবেক কাউন্সিলর শেখ নেছার আহমদ, দশপাইকা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মখলিছুর রহমান, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী হাজী ফারুক মিয়া ও ইলিয়াস আহমদ আয়না, সমাজসেবক বশির আহমদ ও সাংবাদিক এএইচএম ফিরোজ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলম খান ও সহকারী শিক্ষক আনহার আলী। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ওয়াহব আলী, সাবেক মেম্বার মনোহর আলী, নার্সিংহোম একাডেমীর ডিরেক্টর মুক্তার খান, হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি শওকত আলী ইমন ও ছাত্রনেতা রায়হান আহমদ।
আপনার মন্তব্য