২৪ জানুয়ারি, ২০১৯ ১৮:০২
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ ৪ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিটকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ওই গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে সুরুত আলীর সাথে আবু মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওইদিন দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যেও নারীও রয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে, রমজান আলী (৬৫), নাছির মিয়া (৩৬), তোফাজ্জুল হক (২২) সুমন মিয়া (২৫), মায়া খাতুন (৩৫), আব্দুস সালাম (৬০), মো. সাজিদ মিয়া (৩০), আব্দুল আজিজ (৩২), আব্দুল হক (৬০), ছুরত আলীকে (৬০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় সিলেটে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য