ছাতক প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৯ ১৯:১৩

‘বিএনপি ক্ষমতায় থেকে দেশের সম্পদ লুট করেছে’

ছাতকে আওয়ামী লীগের বিজয় সমাবেশে মাহবুবুল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। বিগত আওয়ামী সরকারের সময়ে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যার ফলে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দিয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) বিকেলে ছাতক হাই স্কুল মাঠে ছাতক-দোয়ারা আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ পায়নি। তারা বিগত দিনে ক্ষমতায় থেকে দেশের জনগণের সম্পদ লুট করেছে। খালেদা জিয়া সরকারে থেকে ছেলেকে দিয়ে হাওয়া ভবন তৈরি করে ছিলেন। হাওয়া ভবন থেকেই পরিকল্পনা করে  আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল তারা।

তিনি আরো বলেন, তাদের ক্ষমতার পাঁচ বছরে একটি কর্ম ও দেখাতে পারবে না, যা দেশের কল্যাণের জন্য তারা করেছে। কাজেই জিয়া পরিবার দেশে একটি অভিশপ্ত পরিবারে পরিণত হয়েছে। দেশের মানুষ এ পরিবারের কাউকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিগত নির্বাচনেও জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
তিনি মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, যে ক’টি আসন বিএনপি পেয়েছে তাদের শপথ নিয়ে সংসদে আসার সুযোগ করে দিন। এতে জনগণ আপনাদের ভালো পাবে।

প্রধান বক্তার বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় হাওর বাসীর পাশে আছেন। একনেক’র প্রথম সভায় দেশের আটটি প্রকল্পের মধ্যে সুনামগঞ্জের ছাতক ও দোয়ারায় ১শ ১১ কোটি টাকা ব্যয়ে ৯ টি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সুনামগঞ্জে আরো উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর বাসীর প্রতি আন্তরিক রয়েছেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রসিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিলেট জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

আরো বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আমিরুল হক, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, রফিকুল ইসলাম কিরণ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল খালিক ও গীতা পাঠ করেন দোলন চন্দ্র শর্মা।

আপনার মন্তব্য

আলোচিত