সিলেট টুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৫ ০১:০৩

নাশকতাকারী ধরতে নগরীতে ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরা

সিলেট নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।

 সিলেট  নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি।  নাশকতাকারীদের সনাক্ত করে অপরাধ দমনেই বসানো হয়েছে গোপন ক্যামেরা। অবরোধ ও হরতাল কর্মসূচী পালনের নামে যারা এসব পয়েন্টে নাশকতা চালাচ্ছেন তাদেরকে সনাক্ত করা হচ্ছে ক্যামেরায় ধারণকৃত চিত্র দেখে। পরে নাশকতাকারীদের গ্রেফতারে চালানো হচ্ছে অভিযান।

খোঁজ নিয়ে জানা যায়- পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে সিলেটে হরতাল ও অবরোধ সমর্থক নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-সমাবেশ করতে পারছেন না। রাজনৈতিক কর্মসূচী সফলের নামে তারা প্রতিদিন বিভিন্ন স্থানে ২-৩ মিনিটের ঝটিকা মিছিল বের করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমার বিস্ফোরণ ঘটাচ্ছেন।

এ অবস্থায় নাশকতাকারীদের সনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন স্থানে বসানো গোপন ক্যামেরার আশ্রয় নিয়েছে। কোথাও নাশকতা হলে সেখানকার গোপন ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অপরাধীদের। এরপর নাশকতাকারীদের ছবি নিয়ে চালানো হচ্ছে অভিযান।

সূত্র জানায়- নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, আম্বরখানা, মেডিকেল রোড, শেখঘাট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, শিবগঞ্জসহ কয়েকটি স্থানে বসানো হয়েছে গোপন ক্যামেরা। এর মধ্যে কয়েকটি স্থানে সিটি করপোরেশন ও মহানগর পুলিশের পক্ষ থেকে ক্যামেরা বসানো হয়েছে।

বাকি স্থানগুলোতে ব্যক্তি উদ্যোগে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো সিসি ক্যামেরাগুলো সার্বক্ষনিক চালু রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। প্রয়োজনে ব্যক্তি উদ্যোগে লাগানো ক্যামেরায় ধারণকৃত ফুটেজ সংগ্রহ করছে আইনশৃঙ্খলাবাহিনী।

গত বৃহস্পতিবার নগরীর কুমারপাড়ায় কোতোয়ালী থানার ওসির গাড়িতে পেট্রোল বোমা ছুঁড়ে মারার দৃশ্যও ধরা পড়ে সেখানকার গোপন ক্যামেরায়। ফুটেজ দেখে ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে হামলাকারীদের।

এছাড়া জিন্দাবাজারে পুলিশের সাথে ছাত্রদলের সংঘর্ষ, সিটি সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ, শেখঘাটে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষসহ বেশ কয়েকটি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে ক্যামেরার ফুটেজ দেখে। ক্যামেরায় ধারণকৃত ছবি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম নাশকতাকারীদের আটকে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বলেন- সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশন, ব্যবসায়ী ও ব্যক্তি উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করে অপারেশন চালানো হচ্ছে। নাশকতার চেষ্টাকারী কাউকে ছাড় দেবে না পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত