বিশ্বনাথ প্রতিনিধি

১১ মে, ২০১৯ ২২:৪০

দেশের কোন গ্রামই উন্নয়ন বঞ্চিত থাকবে না: এম এ মান্নান

বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, জামায়াত-বিএনপিকে ভোট দিলে দেশের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়। কারণ তারা বোমাবাজিতে বিশ্বাসী। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে দেশ ও দেশের জনগণের উন্নয়ন সাধিত হয়। শুধু শহরে নয়, গ্রাম থেকে শুরু করে হাওর পাড়ের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, দেশের কৃষি থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা খাতেও ব্যাপক উন্নয়নের ফলে আমূল পরিবর্তন এসেছে।  দেশর দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে সরকার ৫শ’ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছে। আর ওই প্রকল্প থেকে সিলেট-সুনামগঞ্জের মানুষও বাদ যাবেননা। বিদ্যুতের মতো প্রত্যেকের ঘরে ঘরে টিউবওয়েলও দেওয়া হবে।

জগন্নাথপুরের লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দিয়ে মন্ত্রী আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাই কেবলমাত্র সিলেট বিভাগ নয়, দেশের কোন গ্রামই উন্নয়ন বঞ্চিত থাকবেনা।

শনিবার (১১ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথ সীমান্তের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামে ৮ কোটি টাকা ব্যয়ে ১১টি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথবাসীর দূর্ভোগের কথা ও বিশ্বনাথের উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার দাবি জানিয়ে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, সিলেট-২ আসনে আওয়ামী লীগ দলীয় কোন সংসদ সদস্য না থাকায় দীর্ঘদিন থেকে বিশ্বনাথবাসী উন্নয়ন বঞ্চিত রয়েছে।

লহরী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের কার্য্যনির্বাহী সদস্য টিটু মিয়া ও মিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল আহাদ দোলনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ সভাপতি আবদুল কাইয়ূম মোশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউএনও মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আজেফর আলী, বাদশা মিয়া, দরবেশ আলী, গয়াছ মিয়া, আবুবক্কর মিয়া, আকিকুর রহমান, আবুল কালাম সুহেল, লেছু মিয়া, খলিলুর রহমান, শফিক মিয়া, ইরন মিয়া, যুবলীগ নেতা লায়েক আহমদ, প্রণবীর, রুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, আশিক মিয়া, ফয়ছল আহমদ, লিটন আহমদ, জিতেন দেবনাথ, রায়হান আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত