২৯ মে, ২০১৯ ১২:২৬
বহুল আলোচিত ডা. প্রিয়াঙ্কা তালুকদার শান্তা হত্যার বিচার এবং দোষীদের ফাঁসির দাবিতে জামালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর জামালগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খেলাঘর জামালগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব বাদল কৃষ্ণ দাস ও যুগ্ম সদস্য সচিব তমাল কান্তি তালুকদারের যৌথ সঞ্চালনায় উপজেলা শাখার আহ্বায়ক আলী আক্কাস মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খেলাঘর জামালগঞ্জ শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালগঞ্জের সাধারণ সম্পাদক সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, সাচনাবাজার রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত কুমার পাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলী আমজদ, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শাহানা আল আজাদ, শিক্ষক সজল কান্তি রায়, পল্লী চিকিৎসক নূপুর রাণী প্রমুখ।
বক্তারা বলেন, ডা. প্রিয়াঙ্কা তালুকদার শান্তা আমাদের জামালগঞ্জের মেয়ে। শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। ডা. প্রিয়াঙ্কাকে তার পাষণ্ড স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন লাগাতার নির্যাতন করতেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য