২৯ মে, ২০১৯ ১২:৫৬
সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র শারীরিক প্রতিবন্ধী সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শিক্ষা সহায়তা বাবদ তাকে দশ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুজিত শর্মাকে নিয়ে সংবাদ প্রকাশের পর তার খোঁজখবর নেওয়া হয়েছে। তার শিক্ষা সহায়তা বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে জেলা প্রশাসন থেকে প্রদান করা হবে। পাশাপাশি তার যাতায়াতের জন্য একটি হুইল চেয়ার এবং কলেজের পাশে ছাত্রদের সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় প্রতিবন্ধী সুজিত শর্মা তার শিক্ষা জীবন সমাপ্ত করার এতো বড় সুযোগ করে দেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
উল্লেখ্য, সুজিত শর্মা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আদুখালি গ্রামের প্রান্তিক কৃষক মনোরঞ্জন শর্মা ও জয়ন্তী শর্মার সন্তান। ছোটবেলা থেকে ইচ্ছা কোনো এক বড় ব্যাংকে চাকরি করবে। কিন্তু তার স্বপ্নে বাধা হয়ে যায় শারীরিক প্রতিবন্ধিতা। তার বাবা মনোরঞ্জন শর্মা অন্যের জমি বর্গা করে বোরো ধান আবাদ করেন। বর্তমানে অনেক অভাব অনটনে দিন কাটছে তাদের। পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুজিত শর্মাকে শিক্ষা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক।
আপনার মন্তব্য