নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০১৯ ১৭:৫৫

এই ভবন ভাঙলে ইতিহাস ক্ষমা করবে না

আবুসিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে সমাবেশে বক্তারা

১৬৯ বছরের পুরনো আবুসিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, ঐতিহ্য টাকা দিয়ে কেনা যায় না। ঐতিহ্য খণ্ডিত করে রাখা যায় না।

বক্তারা সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেনকে উদ্দেশ্য করে বলেন, আপনি হয়তো জোর করে এই ঐতিহাসিক ভবন ভাঙ্গতে পারবেন। কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আপনার সরকারের আমলে আপনি এই এলাকার এমপি থাকা অবস্থায় এই ঐতিহাসিক ভবন ভাঙ্গা হলে তার দায় আপনার উপরই পরবে।

বুধবার (২৯ মে) বেলা ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আবুসিনা ছাত্রাবাস ভবন রক্ষার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা সিলেট নগরের কেন্দ্রস্থলকে যানজটমুক্ত রাখার স্বার্থে রোগীবান্ধব এলাকায় হাসপাতাল নির্মাণের আহবান জানান। এসময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয়।

সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের আহবায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

সভাপতি ব্যারিস্টার আরশ আলী বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হাসপাতালের বিরোধী হতে পারে না। আমরা সিলেটে হাসপাতাল চাই কিন্তু ঐতিহ্য ভেঙে হাসপাতাল নয়। হাসপাতাল তৈরির জন্য সিলেটে অনেক জায়গা আছে। আপনারা জায়গা না পেলে আমাদের বলেন। আমরা রোগীবান্ধব জায়গা বের করে দিব।

সমাবেশে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব জাকির আহমদ বলেন, গায়ে পরে ঠেলাঠেলি করতে আসবেন না। অপপ্রচার চালাবেন না। আমরা চাই আপনারা রোগীবান্ধব এলাকায় হাসপাতাল করেন।

তিনি বলেন, ঐতিহাসিক একটি ভবন রক্ষা করতে আমাদের পথসভা, সমাবেশ করতে হচ্ছে। এটা অনেক লজ্জাজনক বিষয়। তারপরও আমরা মেনে নিলাম, আপনাদের কাছে ঐতিহ্যের কোনো মূল্য নেই কিংবা প্রয়োজন নেই। ঐতিহ্য বাদ দিলেও নগরের কেন্দ্রস্থলকে যানজট মুক্ত রাখতে এই জায়গায় হাসপাতাল করা থেকে বিরত থাকুন। একটা নয় প্রয়োজনে শহরের চারদিকে চারটা হাসপাতাল তৈরি করেন। শুধু শহরে কেন্দ্রস্থলকে ধ্বংস করার পরিকল্পনা করবেন না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, আমরা কেউ ব্যক্তিগত লাভের জন্য এই আন্দোলন করছি না। আমরা এই নগরের ভালো চাই। এই নগরের বাসিন্দাদের ভালো চাই। ১৬৯ বছরের আবুসিনা ছাত্রাবাস রক্ষার দাবিতে আমরা বিগত ৩ মাস যাবত নানা কর্মসূচি করছি। কিন্তু সংশ্লিষ্ট সকলই এ ব্যাপারে উদাসীন মনোভাব দেখাচ্ছেন। সরকার এই ভবন সংরক্ষণের দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কারণ এই সিলেট বিশ্ব দরবারে পরিচিত তার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের কারণে। তাই আমরা আমাদের পরিচয়কে এভাবে ধ্বংস হতে দিতে পারি না।

এতে আরও বক্তব্য দেন, সাম্যবাদী দলের সভাপতি ধিরেন সিংহ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির দিনবন্ধু পাল, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক উজ্জ্বল রায়, ন্যাপ জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ.মতিন, কমিউনিস্ট পার্টির সাধারণ আনোয়ার হোসেন, জাসদের সিলেট মহানগর শাখার সভাপতি ফেরদৌস আরবি, জাসদ নেতা গিয়াস উদ্দিন, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, উদীচীর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে সংহতি জানান, জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কার্স পাটি সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, গণতান্ত্রিক পার্টির জেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, জাসদ নেতা মুক্তার আলী ও সোলেমান আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত