কুলাউড়া প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৯ ১৬:৪৩

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

মৌলভীবাজার সদর হাসপাতালে থেকে চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশাযোগে কুলাউড়ায় নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ছমিরুন নেছা (৬০) নামের এক বৃদ্ধা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চারদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ছমিরুন ছেলে-মেয়েসহ কুলাউড়া করেরচক গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজারের লুয়াইউনি এলাকায় তাদের বহনকারী রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক আবুল মিয়া (৩০), ছমিরুনের ছেলে মুসলিম উদ্দিন (৪০), মেয়ে আসমা বেগম (৩২), নাতনী মারজান বেগম (১২) আহত হয়েছেন। তাদের বাড়ি উপজেলার ভূকশীমইল ইউনিয়নের করেরচক গ্রামে।

ঘটনাস্থলেই ছমিরুন মারা যান এবং চালকসহ বাকিরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সিএনজি অটোরিকশার চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি তিনজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, নিহত ছমিরুননেছার লাশ তার পরিবারের লোকজনের দাবির প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত