২২ অক্টোবর, ২০১৯ ১৮:০৪
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ।
শিক্ষা উপকরণের মধ্যে ছিল ২৮টি স্কুল ড্রেস, পঞ্চম শ্রেণীর ৪১ জন সমাপনী পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ, ১ম এবং ২য় শ্রেণীর ২০০জন শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম শিক্ষা উপকরণ এবং মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সৌজন্যে উক্ত বিদ্যাপীঠের শিক্ষার্থীদের খেলার জার্সি বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাটের প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, সহকারি শিক্ষা অফিসার আশরাফুল আলম, পশ্চিম জাফলংয়ের প্রবীণ মুরব্বি আতাউর রহমান আতাই,যুবলীগ নেতা শেরগুল গোসাই, স্বেচ্ছাসেবকলীগ নেতা রিপন আহমদ প্রমুখ।
শিক্ষা উপকরণ বিতরণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বাস্তব এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে শিক্ষার মানোন্নয়ন বহুগুণ। গোয়াইনঘাটে অজেপাড়াগা থেকে শুরু করে উপজেলা সদরের সর্বত্রই শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। নতুন নতুন বিদ্যাপীঠ,একাডেমিক ভবন নির্মাণ,অবকাঠামো উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে প্রতিনিয়ত।
তিনি বলেন, গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনের মহা নায়ক সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তার নিরলস শ্রম আর ঐকান্তিক প্রচেষ্টা আজকের গোয়াইনঘাটে শিক্ষা বিপ্লবে যে পরিবর্তন সূচিত হয়েছে তা প্রশংসা পাওয়ার দাবি রাখে। শিক্ষা ক্ষেত্রের দৈন্যদশা হ্রাস পাওয়ায় গোয়াইনঘাট শিক্ষার হার বাড়ছে,এটা আমাদের জন্য একটি ইতিবাচক সংবাদ। শিক্ষাখাত ছাড়াও গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জে বাস্তবায়িত হচ্ছে অগণিত উন্নয়ন প্রকল্প। গোয়াইনঘাটে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা পরিষদও পাশে আছে। তিনি বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংস্কারে ২টন চাল বরাদ্দ ঘোষণা করেন।
পরে প্রধান অতিথিসহ সবাই জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষক ছাত্র-ছাত্রী উপস্থিতি এবং শিক্ষার মান অক্ষুণ্ণ থাকায় শিক্ষক এবং অভিভাবকদের প্রশংসা করেন অতিথিরা।
আপনার মন্তব্য