২৫ অক্টোবর, ২০১৯ ১২:৩০
হবিগঞ্জ সদর উপজেলার ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগভীর নলকূপ ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগভীর নলকূপ এবং ১৮টিতে ১শ’২০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করতে পারেনি। এখন প্রত্যন্ত অঞ্চলের পরিবারের সন্তানরাও উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এতেই প্রমাণ হয় বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার।
আপনার মন্তব্য