২৫ অক্টোবর, ২০১৯ ২১:৪৬
মহাব্বত শেখ নামে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার করায় সিলেটের বিশ্বনাথে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
গত ১৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)ক/২৬(১)/২৯/৩১ ধারায় এ মামলাটি দায়ের করেন (পিটিশন মামলা নং ৩৪৪/১৯) মহাব্বত শেখ।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জগলুল মামলাটি আমলে নিয়ে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বিশ্বনাথ থানা পুলিশকে আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ মামলাটি বিশ্বনাথ থানায় এসে পৌঁছলে তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।
বিষয়টি নিশ্চিত করে মামলা তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাতে মামলাটির তদন্তের দায়িত্বভার তিনি পেয়েছেন। আগামী দু’মাসের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলীকে (৩৫)। মামলার অপর আসামিরা হলেন ‘‘নিউজ মিরর টুয়েন্টিফোর ডটকম’ অনলাইন পত্রিকার সম্পাদক সৈয়দ ইয়ারব আলী বাপ্পী ওরফে সৈয়দ বাপ্পী (৩৫) এবং ওই পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমোদ হোসেন (২৭)।
মামলার প্রধান আসামি রফিক আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহজির গাঁওয়ের আরজান আলীর ছেলে। আর মামলার বাদী যুক্তরাজ্যের ‘নরউইচ’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাব্বত শেখ বিশ্বনাথ উপজেলার দশপাইকা গ্রামের রাহাত উল্লাহর ছেলে।
মহাব্বত শেখ বলেন, গত ২৫ মে থেকে তাকে জড়িয়ে নিজ ফেসবুক আইডির টাইমলাইনে একাধিক সময়ে একাধিক স্ট্যাটাস দেন রফিক আলী। অন্যদিকে মামলার অপর দুই আসামি তাদের পত্রিকায় তার (প্রবাসী মহাব্বত শেখ) স্ত্রীর খালাতো বড়বোন হাওয়ারুন নেছাকে জড়িয়ে পরকীয়ার মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশ করে ফেসবুকে পোষ্ট করেন। সেসকল স্ট্যাটাসগুলোর স্ক্রিনশট নিয়ে অবশেষে মহাব্বত শেখ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিজিটাল নিরাপত্তা (২০১৮) আইনে মামলা দায়ের করেন বলে জানান তিনি।
আপনার মন্তব্য