সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৯ ০০:৩২

শনিবার প্রগতি লেখক সংঘ মৌলভীবাজারের দ্বিতীয় সম্মেলন

‘রুদ্ধ দুয়ার খুলে করি মানুষের জয়গান’ স্লোগানে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেট জেলা কমিটির সভাপতি কবি এ কে শেরাম।

সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধন ও শোভাযাত্রার মাধ্যমে বিকাল ৩টায় শুরু হবে। এরপর সাড়ে ৩টায় সমবেত কবিকণ্ঠে স্বরচিত কবিতাপাঠ এবং সাড়ে ৪টায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেবেন।

সম্মেলনে কবি শহীদ সাগ্নিক ও কবি ইকবাল কাগজীকে সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু ও সাধারণ সম্পাদক আহমদ আফরোজ বলেন, এক টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে ধরিত্রী যেমন অসহায় তেমনই মানবতা বিপন্ন হচ্ছে ফ্যাসিবাদি আগ্রাসনে। সাম্রাজ্যবাদ বিস্তার করেছে আমাদের বোধশক্তিতে। মৌলবাদ-জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে চারদিকে।

তারা বলেন, এমন অবস্থায় লেখক-কবি-শিল্পী-সাহিত্যিকদের দৃঢ় প্রত্যয়ে একত্রিত হয়ে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির দ্বিতীয় সম্মেলনে তারা প্রগতিশীল মানুষদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত