নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০১৯ ২২:৪৭

সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরোণৎসবের অনুষ্ঠানস্থল পরিদর্শনে আরিফ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তিতে হতে যাওয়া আয়োজনের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৬ অক্টোবর) সকালে সিসিক মেয়রের সাথে নগরীর নয়াসড়ক পাদ্রী বাংলা ও চৌহাট্টা সিংহ বাড়ি পরিদর্শন করেন উৎসব উদযাপন পর্ষদের নেতৃবৃন্দ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষপূর্তিতে আয়োজন করা হয়েছে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’। আগামী ৭ ও ৮ নভেম্বর  সিলেট জেলা স্টেডিয়ামে মুল অনুষ্ঠানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে এসে যেসকল স্থানে গিয়েছিলেন এমন প্রত্যেকটি স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম সিলেট নগরীর নয়াসড়ক পাদ্রী বাংলা ও চৌহাট্টা সিংহ বাড়ি। সিলেটে এসে রবীন্দ্রনাথ রাত্রিযাপন করেছিলেন নয়াসড়ক পাদ্রী বাংলায়।

এসময় উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের যুগ্ম আহবায়ক জ্যোতির্ময় সিংহ মজুমদার, সদস্য সচিব ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, পর্ষদের সদস্য জগলুল পাশা, আল আজাদ, রজত কান্তি গুপ্ত, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ।

এছাড়া পাদ্রী বাংলা পরিদর্শনকালে ডিকন নিঝুম সাংমা, রেভা ফিলিপ বিশ্বাসসহ পাদ্রী বাংলার নেতৃবৃন্দ এবং সিংহবাড়ি পরিদর্শনকালে এডভোকেট সুজয় সিংহ মজুমদার, ডা. সুধাময় সিংহ মজুমদারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানের অংশ হিসেবে সিংহ বাড়ি ও পাদ্রী বাংলায় নির্মাণ করা হবে উৎসব ফলক, হবে আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে পরিদর্শনে গিয়ে দুটি অনুষ্ঠানস্থল দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি তড়িৎ গতিতে অনুষ্ঠানস্থল পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আপনার মন্তব্য

আলোচিত