৩১ অক্টোবর, ২০১৯ ১২:২৭
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ কিতাব আলী ও শফিকুল ইসলাম মিয়া নামে দুই সহোদর চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলা সদর বাজারের নৌঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত কিতাব আলী ও শফিকুল এ দুই সহোদর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বলাকট ইউনিয়নের বালিকুলা গ্রামের প্রয়াত হাজী শুকুর মিয়ার ছেলে।
বৃহস্পতিবার র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, র্যাপিড একশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে বুধবার রাতে নৌপথে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেন।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ওয়েফার চকলেট ৪৬০৮ পিস, জুনিয়র হরলিক্স ১৬৫১ পিস, জনসন মিল্ক ও রাইস ক্রিম ১৯২ পিস, জনসন বেবি লোশন ২৯৫২ পিস, ২টি মোবাইল ও ২টি সিম কার্ড।
আটককৃত এসব ভারতীয় পণ্যের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ভারতীয় চোরাই মালামাল আটকের ঘটনায় দুজনকে আটক ও পালিয়ে যাওয়া আলতাফকে পলাতক আসামি দেখিয়ে র্যাবের পক্ষ থেকে রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য