০৩ নভেম্বর, ২০১৯ ০০:৫৬
সিলেটের বিশ্বনাথে জেএসসি পরীক্ষার প্রথম দিনে জমজ ভাইয়ের প্রক্সি পরীক্ষা দিতে যাওয়ায় এক কিশোরকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজে ভাইয়ের বদলে পরীক্ষা দিতে গিয়ে আটকা পড়ে সে।
আটকের পর শনিবার দুপুরেই থাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করলেও বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেছেন, ওই কিশোরকে আটক করা হলেও এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। আর স্কুল কর্তৃপক্ষ শেষপর্যন্ত তাকে কি করবেন সেটাও বলা যাচ্ছেনা।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব ও হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করতে চাইলে তারা মোবাইল ফোনকল রিসিভ করেন নি।
এ প্রসঙ্গে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল ঘটনার সত্যতা স্বীকার করলেও সর্বশেষ কি হয়েছে সেটা তিনি বলতে পারেন নি। এ জন্য থানার ওসি শামীম মুসার সঙ্গে যোগাযোগ করতে পরামর্শও দেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বনাথে এ বছর চারটি কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছেন ৩১২৪জন পরীক্ষার্থী, আর দু’টি কেন্দ্র জেডিসি পরীক্ষা দিচ্ছেন ১০৫৪জন পরীক্ষার্থী। জেএসসি পরীক্ষায় চারটি কেন্দ্র হচ্ছে রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় এবং একলিমিয়া উচ্চ বিদ্যালয়। আর জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিশ্বনাথ দ্বারুল উলুম ফাজিল মাদরাসা ও সৎপুর কামীল মাদরাসা কেন্দ্রে।
আপনার মন্তব্য