গোয়াইনঘাট প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০১৯ ১৫:৪৫

ডিসেম্বরে গোয়াইনঘাট সরকারি কলেজের রজত জয়ন্তী, চলছে প্রস্তুতি

সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে যেকোনোও দিন অতিথিদের দেওয়া সময়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে রজত জয়ন্তী পালনের দিনক্ষণ।

সরকারের একাধিক মন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাবির প্রো-ভিসি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ অনুষ্ঠানে থাকার কথা। প্রচার, প্রকাশনা, আপ্যায়ন, অভ্যর্থনাসহ গঠিত হয়েছে একাধিক উপ-কমিটি।

গোয়াইনঘাট উপজেলার পাশাপাশি অন্যান্য স্থানেও প্রচার-প্রচারণায় ব্যস্ততম দিন অতিবাহিত করছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। অনলাইনেও চলছে এ উপলক্ষে প্রচারণা।

গোয়াইনঘাট সরকারি কলেজের ইতিহাসে সর্ববৃহৎ এ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কথা হলে কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, গোয়াইনঘাট কলেজ প্রতিষ্ঠার পর এবারই সর্ববৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, ২৫ বছর পূর্তি জাঁকজমকভাবে পালনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠানে সরকারের শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, স্থানীয় সাংসদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি, সিলেটের শিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের অতিথি হয়ে আসার কথা রয়েছে। তারিখ নির্ধারিত হয়ে গেলে সভা করে অনুষ্ঠান পালনের কাজ সম্পন্ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত