২৭ নভেম্বর, ২০১৯ ০০:১৪
সিলেটের জৈন্তাপুর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজওয়ান আহমদ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে দশটায় উপজেলার আসাম পাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে এ ঘটনাটি ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের পূর্বে গ্যারেজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান আহমদ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসাম পাড়া বাজারের আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন গ্যাস সিলিন্ডারে চলে যায়। তাৎক্ষনিক গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আগুন নিভানোর কাজে ব্যস্ত থাকা রেজওয়ান আহমদ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের মধ্যে ইসমাইল নামে একজনকে গুরুত্বর অবস্থায় জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক প্রতিবেদককে বলেন, আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন মারা যায়। ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা পৌঁছে এলাকাবাসীসহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আপনার মন্তব্য