২৭ নভেম্বর, ২০১৯ ১৬:৩৪
আজ রাত ১১টায় দেশে ফিরছেন সৌদিতে গৃহকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হবিগঞ্জের মোছা. হুসনা আক্তার (২৪)। বুধবার (২৭ নভেম্বর) হুসনার স্বামী শফি উল্লাহ ঢাকা বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেক্সের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টায় সৌদি এয়ারলাইন্স (SV 804) বিমান যোগে সৌদির রিয়াদ থেকে দেশে পাঠানো হচ্ছে হুসনাকে।
হুসনার স্বামী বলেন, ঢাকা বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেক্সের পরিচালক আমার মোবাইলে কল দিয়ে জানিয়েছেন আজ রাত ১১ টায় হুসনাকে দেশে আনা হবে। আমি এখন ঢাকা বিমানবন্দরে আছি। একটু আগে ফোনে হুসনার সাথে কথা হয়েছে। সে জানিয়েছে তাকে সৌদি বিমানবন্দরে আনা হয়েছে।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, আজ বুধবার রাত ১১ টায় সৌদি এয়ারলাইন্স (SV 804) বিমানযোগে রিয়াদ হয়ে দেশে পাঠানো হচ্ছে হবিগঞ্জের মেয়ে হুসনাকে। দেশে ফেরার বিষয়টি রিয়াদ বিমান বন্দর থেকে নিজেই ব্র্যাককে নিশ্চিত করেছেন হুসনা।
উল্লেখ্য, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মোছা. হুসনা আক্তার (২৪)। আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান ৭ নভেম্বর। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাঁকে গৃহকর্মীর চাকরি দিয়ে সেখানে পাঠায়। সৌদি আরবে নির্যাতনের শিকার হলে ভিডিও বার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান হুসনা। ভিডিও দেখে কোন উপায়ন্তর না পেয়ে শফি উল্লাহ ছুটে যান দালাল ও আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফিসে। তখন এজেন্সির লোকজন হুসনাকে দেশে আনতে দুই লাখ টাকা দাবী করেন তার স্বামীর কাছে।
হুসনার ভিডিও বার্তা ও তার স্বামীর অভিযোগের প্রেক্ষিতে নিউজ প্রকাশ করে সিলেট টুডে টুয়েন্টিফোর।
এরপর হুসনাকে দেশে ফেরাতে গত ২৪ নভেম্বর ব্র্যাকের সহায়তায় চেয়ে আবেদন করেন হুসনার স্বামী শফি উল্লাহ। তার আবেদনের প্রেক্ষিতে নিরাপদে হুসনাকে দেশে ফেরত আনতে পরিবারটিকে সার্বিক সহায়তার সিদ্ধান্ত নেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গৃহকর্মী হুসনা আক্তারকে উদ্ধারের জন্য নাজরান পুলিশকে অবহিত করা হয়। জানা যায়, হুসনা আক্তার সৌদি রিক্রুটিং অফিস ‘রুয়াদ নাজরানের (লাইসেন্স নং- ৩৯১৮৬১৮)’ মাধ্যমে তিন মাস আগে সৌদি আরব গমন করেন। তার কর্মস্থল ছিল সৌদি আরবের নাজরান শহরে- যা জেদ্দা হতে প্রায় ১,০০০ কি.মি. দূরে। সেখান থেকে তাকে উদ্ধার করে সেফ হাউসে আনা হয়। সেখান থেকে হুসনাকে দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
আপনার মন্তব্য