সিলেটটুডে ডেস্ক

২৮ নভেম্বর, ২০১৯ ২০:৪৬

‘সিসিকের পরিবহন চালকরা হচ্ছেন সিসিকের প্রাণ’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিটি করপোরেশনের পরিবহন চালকরা হচ্ছেন সিসিকের প্রাণ। তারা দিন-রাত পরিশ্রম করে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নগর উন্নয়নে ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের পরিবহন ড্রাইভার কল্যাণ সমিতি’র সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিকের পরিবহন ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আরো বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের মধ্যে সিলেট সিটি করপোরেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল। আর এটি সম্ভব হয়েছে সিসিকের পরিবহন চালক সহ প্রত্যেক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার কারণে।

তিনি এই নগরকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রযুক্তির কল্যাণে আজ বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। এ ক্ষেত্রে আমরাও পিছিয়ে নেই। নগর উন্নয়নে এখন অত্যাধুনিক যানবাহন ব্যবহার করা হচ্ছে। সিলেট সিটি করপোরেশনেও অত্যাধুনিক যানবাহন রয়েছে। আমাদের চালকদের দক্ষতায় এসব যানবাহন দিয়ে এখন নগর উন্নয়নে কাজ দ্রুততার সাথে সম্পন্ন হচ্ছে।

সরকারি এসব সম্পদের ভাল ব্যবহার নিশ্চিত করতে চালকদের আরো দক্ষতা অর্জন করার উপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের সচিব মো. বদরুল হক। অনুষ্ঠানে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সিসিকের পরিবহন চালক রমজান আলী, আব্দুল মান্নান ও মেকানিক আশুতোষ মুখার্জিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

আপনার মন্তব্য

আলোচিত