১৯ ফেব্রুয়ারি , ২০২০ ২৩:৩৫
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (নিপোর্ট)-এর উদ্যোগে বাংলাদেশ ডেভোগ্রাফিক এন্ড সার্ভের (বিডিএইচ এস) বিভাগীয় অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয় দেশে গত ১০ বছরে শিশুর জন্মে অস্ত্রোপচার ৮ থেকে ৩৩ ভাগে বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে শতকরা ৮৪ ভাগ শিশু অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব হয়।
সভায় আরও জানানো হয় সারাদেশে বর্তমানে ৬২ ভাগ দম্পতি পরিবার পরিকল্পনা গ্রহণ করেন। এর মধ্যে সিলেট বিভাগে পরিবার পরিকল্পনা গ্রহণ করেন ৫৫ ভাগ দম্পতি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শাহী ঈদগাহস্থ আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউট সিলেট এর অডিটোরিয়ামে অবহিতকরন সভা প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।
তিনি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের পরিমাণ অনেক বেশী। সার্ভে যে কোন পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সার্ভে করা হয় অবস্থান তুলে ধরার জন্য। সেখান থেকে পরিকল্পনা গ্রহণ করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে বাংলাদেশের ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভের ফলাফল গুরুত্ব সহকারে গ্রহণ করে আগামী সার্ভেতে লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাতে হবে।
অতিরিক্ত সচিব ও নিপোটের মহাপরিচালক সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ সিলেটের অধ্যক্ষ এমদাদুল হক খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. দেবপদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল হুদা খান, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিডিএইচএস-এর ফলাফল তুলে ধরে বক্তব্য দেন নিপোর্ট-এর মূল্যায়ন বিশেষজ্ঞ আহছানুল আলম ও ঊর্ধ্বতন গবেষণা সহযোগী শাহীন সুলতানা। এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউএসএ আইসিএফ কনসালটেন্ট ড. আহমদ আল সাবির।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব ও নিপোটের মহাপরিচালক সুশান্ত কুমার সাহা বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য আমাদের অনুপ্রাণিত করে, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন লক্ষ্য অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন পুরস্কার অর্জন আমাদের কর্মক্ষেত্রে স্পৃহা জন্মায়। তিনি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আপনার মন্তব্য