দিরাই প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০২০ ২১:০৭

দেশে অলস লোক ছাড়া কেউ এখন বেকার নেই: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে অনেক কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। অলস লোক ছাড়া কেউ এখন বেকার নেই। এসময় তিনি প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন টাওয়ার হ্যামলেটেসের সাবেক মেয়রসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সবাই মিলে শিক্ষায় পিছিয়ে থাকা হাওরাঞ্চলের জন্য কাজ করে যাব ।


শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌরসভার নতুন বাগবাড়িতে সদ্য প্রতিষ্ঠিত প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, গত ১০বছরে হাওরাঞ্চলে কৃষি, যোগাযোগ শিক্ষাসহ সকাল সেক্টরে যে উন্নয়ন হয়েছে তা কেউ অস্বীকার করার নয়। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এর আগে এ দেশের মানুষ সামরিক শাসকসহ বিভিন্ন সরকারের আমল দেখেছে, কিন্তু কোনো সরকারই জননেত্রী  শেখ হাসিনার সরকারের মতো উন্নয়ন করতে পারিনি।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। আমরা সবাই মিলে এলাকার শিক্ষাসহ সার্বিক উন্নয়ন করতে চাই। উন্নয়ন নিয়ে কোনো রাজনীতি নেই।  দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের এলাকায় আগে চৈত্র মাসে অভাব দেখা দিতো, কার্ত্তিক মাসে কলেরাসহ বিভিন্ন রোগ দেখা দিতো। অনেক মানুষ মারা যেতো। আজ আমাদের হাওর এলাকায় অভাব, কলেরা ডায়রিয়ায় এসব নাই।

তিনি প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি চারণ করে বলেন, তিনি আজীবন এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তার সহধর্মিণী জয়া সেনগুপ্তাও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।

উপস্থিত ছিলেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী সামছুল হক চৌধুরী, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, শফিকুল ইসলাম শফিক মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুবলীগ নেতা একরার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মহি উদ্দিন জগনু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত