হবিগঞ্জ প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি , ২০২০ ২২:৫৩

‘পৌরসভার বইমেলা হবিগঞ্জবাসীর জন্য এক অন্যন্য উপহার’

পৌরসভার বইমেলা হবিগঞ্জবাসীর জন্য এক অন্যন্য উপহার। মেলার কারণে বই পড়া বাড়ছে। বইপড়ার মাধ্যমে আমাদের অন্তরচক্ষু খুলে যাবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভার আয়োজনে একুশের বইমেলা দ্বিতীয় দিনের আলোচনা সভায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ খান এসব কথা বলেন।

তিনি পৌরভবন প্রাঙ্গণে বইমেলার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এম এ মজিদ খান আরও বলেন, ‘ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে যে, সত্য কথা সঠিকভাবে ও সাহসের সাথে তুলে ধরলে বিজয় অবশ্যম্ভাবী। একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে আমি সকলের কাছে আবেদন রাখতে চাই, আসুন আমরা বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলন যে পথ আমাদের দেখিয়ে ছিল, সে পথ ধরে মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতার সূর্য যেভাবে অর্জন করেছি, রক্ষাও করবো সেভাবে। আসুন, ভাষার চেতনাকে সঙ্গী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাই।’

মজিদ খান বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।

ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখত তারা বক্তব্যে বলেন ভাষা আন্দোলনে হবিগঞ্জ জেলায় যেভাবে আন্দোলন দানা বেধে উঠেছিল সেভাবে বাংলাদেশের অনেক জায়গায়ই হয়নি। সৈয়দ আফরোজ বখত তার বক্তব্যে ভাষা আন্দোলনে স্মৃতিচারণ করেন।

হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, যারা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন তাদের চেতনাকে ধারণ করে আমারা এ দেশের জন্য নিজেদের অবস্থানে থেকে কাজ করে যেতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রায় সকলকে অংশগ্রহণ করার আহবান জানান তিনি।

মেয়র হবিগঞ্জ পৌরসভার একুশে বই মেলা ও মুজিব বর্ষ পালনে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। মেলাকে সফল করতে তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান।

মূল আলোচনায় অধ্যাপক জাহানারা খাতুন বলেন, ভাষা আন্দোলনে মূলধারার সাথে আমাদের হবিগঞ্জেরও গৌরবদৃপ্ত সম্পৃক্ততা ছিল। হবিগঞ্জ পৌরসভার একুশে বইমেলার দাওয়াত পত্রে যেভাবে উল্লেখ করা হয়েছে যে, একুশ মানে মাথা নত না করা, আসুন, সেটা আরও উজ্জ্বল করি অন্যায়, অবিচার ও অসাম্যের বিরুদ্ধে মাথা নত না করে।

হবিগঞ্জ পৌরসভা আয়োজিত পৌরভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী একুশে বই মেলা ও মুজিব বর্ষ পালন অনুষ্ঠানে ২য় দিন মেয়র মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন। মূল আলোচনা করেন অধ্যাপক জাহানারা খাতুন, আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী। দ্বিতীয় দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ‘ভাষা আন্দোলনে হবিগঞ্জ’। সভা উপস্থাপনা করেন পৌরকাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম।

আরও উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আলমগীর। আলোচনা সভার পর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে বিকেলে হবিগঞ্জ পৌরভবনে মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল ‘একুশ ও বঙ্গবন্ধু ভাবনা’। রোববার বইমেলার শেষ দিন সূচী অনুযায়ী প্রধান অতিথি থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

আপনার মন্তব্য

আলোচিত