২২ ফেব্রুয়ারি , ২০২০ ২৩:১১
শহরের জনগণ যেসকল সুযোগ-সুবিধা পায় গ্রামের লোকজনও একই সুযোগ-সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-উদ্দেশ্য বাঙালি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, এমনকি শহরের জনগণ যে সুযোগ-সুবিধে পায়, গ্রামের সাধারণ জনগনকেও সে সুযোগ সুবিধা দেয়া। এ লক্ষে আমাদের এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আটগ্রামসহ ছাতক-দোয়ারা এর বাইরে নয়।
মন্ত্রী বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করতে হবে। নেতৃত্বের এক উজ্জ্বল প্রমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধান মন্ত্রী হিসেবে বিশ্বের কাছে এক রোল মডেল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে মন্ত্রী এমএ মান্নান ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে হাইস্কুল জাতীয়করণ, যোগাযোগ ক্ষেত্রে কাচা-পাকা সড়ক নির্মাণ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ৫টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় এসএমসি’র সভাপতি আল-মামুন শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম রশিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান. আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, মাষ্টার আওলাদ হোসেন, গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, নুরুল ইসলাম, আখলুছ মিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়াসহ আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মন্তব্য