নবীগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ, ২০২০ ১০:১৩

নবীগঞ্জে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের গাছে ধাক্কা, নিহত ৮

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী অর্থাৎ ১২ জন নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। এরমধ্যে কান্দিগাঁও এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং আগুন ধরে যায় গাড়িটিতে। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন।

তাদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বাকি চারজনও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে ৭ জন পুরুষ ও একজন নারী ছিলেন। পরিচয় জানতে পারলে বিস্তারিত তথ্য জানা যাবে।

দুর্ঘটনায় আহত গাড়ির চালক নাদিম জানিয়েছেন, নারায়ণগঞ্জের পাগলার ফতুল্লা থেকে বিয়ের কনে দেখতে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিলো তারা। পথে তারা নামাজের বিরতি নিয়ে নামাজ পড়ে আবার তাদের যাত্রা শুরু করলে তাদেরকে বাঁপাশ দিয়ে অন্য একটি মাইক্রোবাস ওভারটেক করে। এরইমধ্যে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসকে সাইড দিতে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে।

আপনার মন্তব্য

আলোচিত