বড়লেখা প্রতিনিধি

০৮ মার্চ, ২০২০ ২১:১৪

জীবনকে প্রতিষ্ঠিত করতে ভালো স্কাউট হতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘স্কাউট ও সাধারণ ছাত্রদের মধ্যে একটা তফাৎ আছে। স্কাউটের মধ্যে রয়েছে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ। স্কাউট ছাড়া অন্যদের মাঝে এগুলো নেই। কাজেই জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে একজন ভালো স্কাউট হতে হবে। আদর্শ স্কাউট হিসেবে নিজেকে গড়তে হবে।’

শনিবার (৭ মার্চ) বিকেলে বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘একজন ভালো স্কাউট হতে পারলে দেশকে ভালোবাসবে। দেশের উন্নয়নে কাজ করবে। এতে দেশ এগিয়ে যাবে। আমাদের সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি নয় দুটি করে স্কাউট দল গঠন করার। শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল গঠন করা হবে। দুটি করে স্কাউট দল গঠন করলে সফলতা অর্জন করা যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি মো. শামীম আল ইমরান। স্কাউটসের বড়লেখা উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা স্কাউটস সম্পাদক ফয়জুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মুহাম্মদ লুৎফুর রহমান চুন্নু।

এ সময় অন্যদের মাঝে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ সনি, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, জেলা কাব লিডার মনির মিয়া, সদর উপজেলা কাব লিডার এবায়দুল হক, কোর্স লিডার গিয়াস উদ্দিন, সমাবেশ প্রধান ছয়ফুল হক, সহকারী কমিশনার রশিদ আহমদ খাঁন, বদর উদ্দিন, বদরুল হোসেন, স্কাউট লিডার ছালাদীন মল্লিক, শিক্ষক সংগঠক আতিকুল ইসলাম, মঞ্জু লাল দে, অঞ্জনা রানী দে, কায়দে আজম, বদরুল ইসলাম, রনজিৎ দাস, সমাজসেবক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানিমুল ইসলাম, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘উন্নত স্কাউট, বাসযোগ্য পৃথিবী’ এই স্লোগানকে সামনে রেখে বড়লেখায় পাঁচ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়। আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে এই সমাবেশ।

আপনার মন্তব্য

আলোচিত