সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২০ ২২:৫৭

সিলেটে এক কাতারে আওয়ামী লীগ-বিএনপির নারী নেত্রীরা

দলের সকল পর্যায়ে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবি

দলের মূল কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অন্তর্ভুক্তির দাবি নিয়ে এক কাতারে দাঁড়ালেন দেশের বৃহত্তম দু’টি রাজনৈতিক দলের নারী নেত্রীরা।

গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯ (সংশোধিত) অনুযায়ী ২০২০ সালের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দল বিএনপির মূল কমিটি এবং সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। দলের গঠনতন্ত্র মোতাবেক নারীদের অন্তর্ভুক্তি বাস্তবে পরিণত করার দাবীতে এই মানববন্ধনে একত্রে দাড়িয়ে ছিলেন সিলেটের নারী নেত্রীবৃন্দ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৯ মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এবং সিলেট জেলা ও মহানগর মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এক কাতারে এক দাবীতে একত্রে দেখা যায় রাজনৈতিক অঙ্গনের নারী নেত্রীদের।

এতে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহানারা বেগম, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিপা বেগম সুপা, জেলা শাখার যুগ্ম সাধারণ মাধুরী গুণ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া আক্তার চৌধুরী।

জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সিনিয়র সহসভাপতি মিনারা হোসেন, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রুজি, সাংগঠনিক সম্পাদক সাফিয়া খাতুন মনি, সহ-সাংগঠনিক রেহেনা ফারুক শিরিন, সদস্য সুমাইয়া বিনতে হোসেন ও ফাহমিদা জাহান মাইশা এবং জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা শাখার সদস্য পলিনা রহমান পলিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিলি বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক আম্বিয়া বেগম ও সদস্য লিলি বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত