নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২০ ১৬:২৭

করোনা আক্রান্ত সন্দহে: ‘পালিয়ে যাওয়া’ সেই নারী হোম কোয়ারেন্টাইনে

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে চিকিৎসকরা সন্দেহ প্রকাশের পর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শ মতে তাকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয় বলে জানান সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

এর আগে একইদিন সকালে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের কর্মীরা দক্ষিণ সুরমায় ওই নারীর বাড়ি গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে জানিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আমাদের লোকজন বাড়িতে গিয়ে অনুরোধ করলে তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন। এরপর তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়।

এ ব্যাপারে সুশান্ত কুমার মহাপাত্র সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঐ নারীরে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করার পর আমরা আইইডিসিআরের সাথে কথা বলি এবং তাদের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার ওই নারী ১০/১২ দিন পূর্বে সৌদি থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি জ্বর অনুভব করলে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে সিলেটের বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তার উপসর্গ শুনে চিকিৎসকরা করোনা আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কা করেন। এই আশঙ্কা থেকে ওই নারীকে কিছু পরীক্ষা করিয়ে আনতে বলেন চিকিৎসকরা। তবে পরীক্ষা করাতে গিয়ে উধাও হয়ে যান প্রায় ৭০ বছর বয়সী এই নারী।

করোনা সন্দেহ প্রকাশের পর নারীর উধাও হয়ে যাওয়ার খবর আসে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে। পরে সিভিল সার্জন অফিসের লোকজন ওই নারীর বাড়িতে লোক পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তির অনুরোধ করেন। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হতে রাজি হননি ওই নারী। তবে বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, সিলেটের কানাইঘাটের এক দুবাই ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ৪ মার্চ শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আইসোলেশনে ছিলেন। পরে রক্তের নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। গত রোববার তার রক্ত পরীক্ষার রিপোর্ট সিলেটে আসে। এরপর তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে গত রোববার বাংলাদেশে তিন জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত