নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২০ ১২:৫৪

শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে আ.লীগ নেতাকর্মীরা!

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করে। এতে আওয়ামী লীগসহ তাদের অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা  অংশ নেন। তবে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের অনেক নেতাকর্মীদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে হাঁটাহাঁটি করতে দেখা যায়। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসে শহীদ মিনার অবমাননায় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিতে শহীদ মিনারে আসেন।

শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে উঠা নিষেধ থাকলেও কেউ কেউ তা মানেননি। সিলেট আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে জুতা পায়ে দিয়ে বেদিতে উঠতে ও নামতে দেখা যায়।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জুতা পায়ে নেতাকর্মীদের শহীদ মিনার বেদিতে ওঠার কথা অস্বীকার করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান শহীদ মিনারের পাশে মুক্তমঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে। শহীদ মিনারের বেদিতে তারা যাননি।

আপনার মন্তব্য

আলোচিত