১৮ মার্চ, ২০২০ ১৯:৪২
সুনামগঞ্জের ছাতকে সৌদি আরবফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টিন না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ওই প্রবাসীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। ওই প্রবাসী উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মঈনুল ইসলামের পুত্র।
জরিমানা আদায়ের পর তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির।
এদিকে বুধবার বিকেলে ছাতকে করোনাভাইরাস বিষয়ে সতর্ক থাকার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাতক শহরের ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে গণসচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, টিএইচও ডাক্তার রাজিব চক্রবর্তী, ডাক্তার রায়হান আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে কর্মকর্তাবৃন্দরা বলেন, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে। এজন্য যেকোনো ধরনের লোকসমাগম থেকে সবাইকে বিরত থাকতে হবে। হ্যান্ডসেক, কোলাকোলি না করাসহ অপ্রয়োজনে ঘরের বাহির না হওয়ার পরামর্শ দেয়া হয়।
এছাড়া কোন প্রবাসী লোক দেশে আসলে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। লোকজন অযথা রাস্তায় ও হাটবাজারে ঘোরাফেরা করলে এবং প্রবাসীরা ১৪ দিনের মধ্যে হাট-বাজারে বের হলে তাদের গ্রেপ্তার করার কথাও বলা হয়। মসজিদ-মন্দিরে লোকজনের উপস্থিতি সীমিত আকারে রাখার পরামর্শও দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ, হাসনাবাদ, জাউয়াবাজারসহ বিভিন্ন বাজার ও পয়েন্টে করোনা ভাইরাস বিষয়ক গণসচেতনতা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য