২১ মার্চ, ২০২০ ০১:৫৮
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সভা সমাবেশ ওয়াজ মাহফিল বন্ধের ঘোষণার পর এবার রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টার, খেলাধুলা, সামাজিক আচার অনুষ্ঠান ও গণজমায়েত হয় এরকম অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মাইকযোগে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় প্রচারণায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, পৌরসভার মেয়র আব্দুস শুকুর, সহকারী কমিশনার (ভূমি) খুশনূর রুবাইয়াত, ওসি অবনী শংকর কর প্রমুখ।
এ সময় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিদেশ ফেরতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজিস্ট্রেশন করতে এবং সম্প্রতি ফেরা প্রবাসীদের ১৪দিনের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছেন।
সরকারের নির্দেশনা কেউ অমান্য করলে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসিকে জানাতে বলা হয়েছে। একই সাথে সরকারের নির্দেশ অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
আপনার মন্তব্য