২২ মার্চ, ২০২০ ১৯:০৬
নভেল করোনাভাইরাসের কারণে ভারতের মেঘালয় রাজ্য থেকে সুনামগঞ্জের তিনটি শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রপ্তানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভারতের মেঘালয় রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রপ্তানিকারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।
রোববার (২২ মার্চ) সকালে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক জরুরী ই-মেইলের মাধ্যমে রপ্তানি কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়।
তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের ‘বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন’ সাউথ ওয়েস্ট খাসি হিলস নেতৃবৃন্দ রোববার সকালে এক জরুরী ই-মেইলে করোনাভাইরাসের প্রভাবের কারণ দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিনটি শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রপ্তানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।
তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে ২৩ মার্চ থেকে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রপ্তানিকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রপ্তানি কার্যক্রম স্থগিত করেছেন।
আপনার মন্তব্য