বড়লেখা প্রতিনিধি

২৭ মার্চ, ২০২০ ১৯:২৭

বড়লেখায় করোনা সংক্রমণ ঠেকাতে ১২ তরুণের উদ্যোগ

তিনটি গ্রাম ও দুটি বাজারে ডেটল ও ব্লিচিং পাউডার মেশানো পানি স্প্রে

মৌলভীবাজারের বড়লেখায় সচেতনতার পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উদ্যোগ নিয়েছেন ১২ তরুণ। উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের প্রত্যন্ত গ্রাম পশ্চিম গগড়ার তরুণদের উদ্যোগে সড়ক, বাড়ি এবং হাট বাজারে ডেটল ও ব্লিচিং পাউডার মেশানো পানি স্প্রে করা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে এলাকায় চালানো হয়েছে প্রচারণা। নিজেদের জন্য ঝুঁকি জেনেও তারা মাঠে নেমেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কাজ করে তারা।

এলাকাবাসী ও তরুণদের সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের প্রত্যন্ত এলাকার পশ্চিম গগড়া, কোনার গগড়া, পূর্ব গগড়া, দ্বিতীয়ারদেহী ছাড়াও বেশ কয়েকটি গ্রাম রয়েছে। এখানে প্রায় পাঁচ সহস্রারাধিক মানুষের বসবাস। সম্প্রতি নভেল করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এই এলাকার বেশ কয়েকজন প্রবাসী দেশে আসেন। তারা হোম কোয়ারেন্টিনে এখনও রয়েছেন। কারও কোয়ারেন্টিন শেষ হয়েছে।

এছাড়া হাকালুকি হাওরপাড়ের কাননগো বাজার ও বাংলাবাজারে বিভিন্ন জায়গা থেকে লোকজন যাওয়া আসা করেন। ওইসব এলাকার লোকজনও বাজারে কেনাকাটা করেন। বাংলাদেশে করোনার বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত জরুরীসেবা ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা দেওয়া হয়। ফলে এলাকার দোকানপাটও বন্ধ হয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা যাওয়ার কারণে গ্রামে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।

এ অবস্থায় এলাকার ১২ তরুণ সচেতনতার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁরা পশ্চিম গগড়া, কোনার গগড়া, পূর্ব গগড়া গ্রামের সড়ক এবং কাননগো বাজার ও বাংলাবাজারে ডেটল ও বিøচিং পাউডার মেশানো পানি স্প্রে করে। এছাড়া গ্রামগুলোর বাড়ি বাড়ি গিয়েও তারা জীবাণুনাশক স্প্রে করেছে। পাশাপাশি মানুষকে সচেতন করতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও চালিয়েছে প্রচারণা।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গ্রামের সড়ক ধরে জীবাণুনাশক স্প্রে করতে করতে এগিয়ে যাচ্ছে একদল তরুণ। তাদের সকলের মুখে মাস্ক, মাথায়ও কাপড়ের বিশেষ টুপি। মাস্কের পাশাপাশি গামছা দিয়েও মুখ বেঁধেছেন কেউ কেউ। তাদের কেউ জীবাণুনাশক স্প্রে করছেন আবার কেউ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরার জন্যও অনুরোধ করছেন। অযথা ঘোরাফেরা না করার জন্যও বলছেন। মানুষও তাদের আহবানে সাড়া দিচ্ছে।

কথা হয় উদ্যোক্তাদের একজন পিংকু দাসের সাথে। তিনি বলেন, ‘মানুষকে পরিষ্কার থাকার জন্য সচেতনতামূলক এ কার্যক্রমের উদ্যোগ আমাদের। গ্রামে মানুষের বসতি বেশি। সম্প্রতি কয়েকজন প্রবাসীও এসেছেন। এরা কোয়ারেন্টাইনে আছেন। বাজার খোলা থাকায় বিভিন্ন এলাকার লোকজন বাজারগুলোতে যাওয়া আসা করেছেন। সরকারি নির্দেশনা মতে হাটবাজার বন্ধ রয়েছে। লোক সমাগম কম। তাই ৩টি গ্রাম ও দুইটি বাজারে দিনভর ডেটল ও বিøচিং পাউডার মেশানো পানি স্প্রে করি। পাশাপাশি নিরাপদে ঘরে থাকার জন্য মানুষকে অনুরোধ করি।’

স্থানীয় তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, ‘গ্রামগুলোতে মানুষের বসতি বেশি। কয়েকজন প্রবাস থেকেও এসেছেন। হাকালুকি এলাকার বাজার হওয়ায় বিভিন্ন স্থান থেকে লোকজন যাওয়া আসা করেছেন। তাই ঝুঁকি এড়াতে তরুণরা উদ্যোগ নিয়েছে। দিনভর তাঁরা গ্রামের সড়ক, বাজার ও বাড়ি-বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করে। এই কঠিন সময়ে তরুণরাই আমাদের পথ দেখাচ্ছে। তাদেরকে ধন্যবাদ।’

 

আপনার মন্তব্য

আলোচিত