২৮ মার্চ, ২০২০ ১৮:৪৬
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের গোয়াইনঘাটে বাড়িতে অবস্থানকারী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। শ্রমজীবী এসব মানুষ বাড়িতে আটকে পড়ার কারণে বেকার হয়ে পড়েন। তাই সিলেটের জেলা প্রশাসকের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে সরকারি সাহায্য পৌঁছে দেয়া হয়।
শনিবার (২ মার্চ) সকাল ৯ টা থেকে গোয়াইনঘাটে অসহায় ২৮ পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য ভোগ্যপণ্য তুলে দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। এসময় তিনি হতদরিদ্র মানুষজনদের আরও সহযোগিতা প্রয়োজন হলে দেয়া হবে বলে আশ্বস্ত করেন এবং সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টিনে থাকতে অনুরোধ করেন।
এদিকে করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে গণসচেতনতা সৃষ্টিতে উপজেলা প্রশাসনের তরফে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুজন কাপড় ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে টহল আরও জোরদার করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় জাফলং, মামার দোকান, মোহাম্মদপুর, রাধানগর হয়ে সালুটিকর পর্যন্ত সেনাবাহিনীর টহল দেয়। গোয়াইনঘাট বাজারে ফার্মেসিগুলোতে সাদা রংয়ের গোল বৃত্ত দিয়ে অংকন কার্যক্রমের সূচনা করেন ইউএনও মো নাজমুস সাকিব। এবং জনসাধারণের মধ্যে সরকারি খরচে দেড় হাজার মাস্ক ও এক হাজার হ্যান্ড গ্লাবস বরাদ্দ করা হবে অবহিত করেন ইউএনও।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং এ থেকে গোটা জাতিকে রক্ষায় সরকারের নির্দেশনায় জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থানের নির্দেশ মানতে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়াও এই ভাইরাস রোধে গণসচেতনতা সৃষ্টি করতে কাজ করছি। আজ অসহায় ২৮টি পরিবারকে বাড়িতে গিয়ে সহযোগিতা করা হয়েছে ।
করোনা ভাইরাসের ভয়াবহতায় ও সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে জনসাধারণের প্রতি নির্দেশ দেন তিনি।
দিনভর এসব কর্মসূচিতে ইউএনও মো নাজমুস সাকিবের সাথে ছিলেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম নূর হোসেন নির্ঝর, সাংবাদিক মোঃ করিম মাহমুদ লিমন, টুরিস্ট পুলিশ জাফলং জোনের এএসআই আবু সালেহ প্রমুখ।
আপনার মন্তব্য