তাহিরপুর প্রতিনিধি

২৮ মার্চ, ২০২০ ২০:৪৩

তাহিরপুরের বাজারগুলোতে অবাধে চলছে কেরাম খেলা

প্রশাসনের নিষেধাজ্ঞা মানছে না কেউ

করোনাভাইরাস রোধে তাহিরপুরে নিষেধাজ্ঞা মানছে না স্থানীয় উঠতি বয়সী তরুণ, যুবক ও মধ্যবয়সী লোকজন। কেরাম খেলা, দোকানে টিভিতে ছবি দেখা, গান বাজনা ও চায়ের দোকানে আড্ডায় মগ্ন থাকছেন তারা। তবে প্রশাসনের উপস্থিতিতে এই পরিস্থিতি কিছুটা ঠিক হলেও তারা চলে গেলেই আবারও জনসমাগম শুরু হয়।

শনিবার (২৮ মার্চ) এমনি চিত্র দেখা গেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ শ্রীপুর, দক্ষিণ বড়দল, উত্তর শ্রীপুর, বালিজুড়ী ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের ভিতরে দোকানগুলোতে।

জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর, লামাগাও,পÐব, রতনশ্রী, লামাগাঁও, উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুন বাজার, চারাগাঁও, কলাগাও, জয় বাংলা বাজার, বাগলী, শ্রীপুর বাজার, লাকমা বাজার, বড়ছড়া, দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরানখালাশ, আনন্দ বাজার, কাউকান্দি বাজার, উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন, রাজাই মোড়, পুরানঘাট, চাঁনপুর, শান্তিপুর বাজার, জনতা বাজার, বোড়খাড়া মোড়, আমতল, হলহলিয়া চরগাও গ্রামসহ বিভিন্ন গ্রামের বাজার, গ্রামের ভিতরের অর্ধশতাধিক দোকান সকাল থেকেই কেরাম খেলা, টিভি চালিয়ে ছবি দেখা, গান বাজনা, গাফলা খেলা ও চা আড্ডা বসানো হয়। গভীর রাত পর্যন্ত চলে এসব আয়োজন।

স্থানীয় সচেতন মহল বাধা নিষেধ দিলেও তা মানছে না স্থানীয় উঠতি বয়সী তরুণ, যুবক ও মধ্যবয়সী লোকজন। তাই ওইসব গ্রাম গুলোতে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের টহল ও প্রচারাভিযান জোরদার করাসহ কঠোর অবস্থানে যাবার আহবান জানান সর্বস্থরের জনসাধারণ।

নতুন বাজার,জয় বাংলা বাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারের স্থানীয় বাসিন্দাগন জানান, গ্রামের মানুষজন কোন কথাই শুনছে না। উপজেলা সদর ও এর কাছা কাছি বাজারগুলোতে প্রশাসনের লোকজন তৎপরতা দেখা গেলেও প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাট বাজার ও গ্রামের ভিতরের দোকানগুলোতে কঠোর অবস্থানে না যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

বাদাঘাট বাজারের বাসিন্দা নাম প্রকাশ না করার সর্তে জানান, প্রশাসনের লোকজন আসলেই সব ধরনের দোকান পাট বন্ধ থাকে চলে গেলেই আবার চালু। আর শতশত মটর সাইকেল, টমটম চলছেই। যেন দেশে উৎসব। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকার কথা তারা শুনছেই না। শুধু বাদাঘাট বাজার ই নয় উপজেলার প্রতিটি বাজারেই একেই অবস্থা। কেউ কোন নিয়ম মানছে না।

করোনাভাইরাস রোধে ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা, উপজেলায় পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীর টহল ও প্রচারাভিযান জোরদার করলেও কাজে আসছে না কিছু। বরং জনসমাগম, আড্ডার পাশাপাশি টমটম, মটর সাইকেলের ব্যবহার আরও বেড়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে বিনা কারণে ঘরের বাহিরে ঘুরাফেরা না করতে, সব দোকানপাট, রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম না করতে, আড্ডা না দিতে। বাজারে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে বলা হলেও কেউ মানছেন না এই নির্দেশনা।

এ ব্যাপারে প্রশাসন কঠোর কোন ব্যবস্থা না নেওয়ায় ফলে দিন দিন তা ব্যাপক আকার ধারণ করছে বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যনার্জী বলেন, সবাইকে বলা হয়েছে নিয়মের মধ্যে থাকার জন্য। আমি একা সব দিকে যাওয়া সম্ভব না। তারপরও প্রতিদিন বিভিন্ন বাজারে সবাইকে সচেতন করছি। এখন সবাইকে নিজ নিজ অবস্থান থেকেই কাজ করতে হবে। নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে।

 

আপনার মন্তব্য

আলোচিত