কুলাউড়া প্রতিনিধি

২৯ মার্চ, ২০২০ ২০:৫৩

কুলাউড়ায় সোশ্যাল কেয়ার অব ন্যাশনের বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারে পক্ষ থেকে নির্দেশনা থাকায় ইতিমধ্যে জরুরী নিত্যপণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং জনসমাগম ঠেকাতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে কুলাউড়া প্রশাসন। এতে গৃহবন্দী হতদরিদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

সেই অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী প্রদান করছেন কুলাউড়ার সামাজিক সংগঠন ‘সোশ্যাল কেয়ার অব ন্যাশন’ এর সদস্যরা। সংগঠনের সদস্যরা রোববার পৌর শহরের ৫০ টি পরিবারের বাড়িতে গিয়ে এ খাবার পৌঁছে দেন। এদিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ থেকে কুলাউড়ার ৭’শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

‘সোশ্যাল কেয়ার অব ন্যাশন’এর সভাপতি সোহেল আহমদ জানান, রোববার থেকে ধারাবাহিক এ কার্যক্রম শুরু করেছি আমরা। সংগঠনের সদস্যরা আলাদা আলাদা ভাবে বিভিন্ন বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। সাধ্যনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমাদের সহযোগিতার হাত প্রসারিত থাকবে। যাতে নিম্ন আয়ের মানুষ নির্দেশনা মানতে গিয়ে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়।

প্রবাসী ও সমাজসেবক মো. শাহজাহান মিয়া বলেন, যেকোন দুর্যোগের সময় ‘সোশ্যাল কেয়ার অব ন্যাশন’এর সকল তরুণ প্রজন্মের সদস্যরা অসহায় মানুষকে সহযোগিতার হাত প্রসারিত করে তা সত্যি মানবকল্যাণকর। তাঁদের এ কার্যক্রমে সবসময় আমার সহযোগিতা থাকবে।

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রবাসী ও সমাজসেবক মো. শাহজাহান মিয়া, সংগঠনের সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্ব ল, সাবেক সভাপতি খায়রুল কবির জাফর, সিনিয়র সদস্য ছায়েম আহমদ, আশিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, সাংগঠনিক জাহিদ হাসান শিবলু, সদস্য নাহিম খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত