১০ এপ্রিল, ২০২০ ২২:৫৩
মৌলভীবাজারের বড়লেখায় কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বড়লেখা উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ পর্যবেক্ষণকালে পৌরসভা, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজার, বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজার এলাকায় তাদের এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার এই এলাকাগুলোতে অভিযান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রতিদিন প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার জন্য প্রচারণা চালিয়ে আসছিল। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৫টার পরে ওষুধ ছাড়া অন্য দোকানগুলো বন্ধ করার কথা। কিন্তু এ বাজারগুলোতে অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখা হয়। সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটা ও অকারণে ঘোরাফেরা করেন অনেকে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় কোনো কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় পৌরসভা, মোহাম্মদনগর, বিছরাবাজারে ১৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৪৩ হাজার ৫০০ টাকা অর্থদ- প্রদান করেন। দণ্ডিতরা সকলে নিষেধাজ্ঞা অম্যান্য করে হাটবাজারে ও সড়কে ঘোরাফেরা করছিলেন। কয়েকজন সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলেন। এজন্য তাদেরও জরিমানা করা হয়।
এসময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিতকল্পে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ টহল প্রদান করা হয়। এসময় অযথা বাইরে ঘুরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পরও দোকান খোলা রাখায় তাদের জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮টি মামলায় ৪৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।’
আপনার মন্তব্য