নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২০ ২২:২৮

সিলেটে সরকারি নির্দেশ না মানায় ১২শ’ মামলা

ভ্রাম্যমাণ আদালত

ফাইল ছবি

সিলেটে করোনাভাইরাসে সংক্রমণ রোধে জারি করা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, অপ্রয়োজনে ঘোরাফেরা ও যানবাহনে যাত্রী পরিবহনের অভিযোগে শুক্রবার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ১৯৬ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘সরকারের আদেশ অমান্য করে মানুষ অযথা ঘোরাফেরা করছে। কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি বাড়লেও জেলার বিভিন্ন উপজেলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না। আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি, বোঝাচ্ছি। তবুও যারা আদেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে জরিমানা করতে বাধ্য হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান আরও বলেন, ‘যেহেতু আজ থেকে সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে মানুষকে ঘরে রাখতে ভ্রাম্যমাণ আদালত আরও কঠোর হবে।’

এদিকে, শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। জেলার কানাইঘাট উপজেলায় সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫টি মামলার বিপরীতে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত