নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২০ ১৯:৪৮

সিলেটে লকডাউনের আওতামুক্ত সকল তফসিলি ব্যাংক

সিলেটে লকডাউন ঘোষণা করা হলেও এর আওতামুক্ত থাকবে সকল তফসিলি ব্যাংক। রোববার সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদা্দুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 করোনাভাইরাসের সংক্রমণ রোধে শনিবার (১১ এপ্রিল) সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। এরআগে ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, সরকার বা স্থানীয় প্রশাসন কোন এলাকায় লকডাউনের ঘোষণা দিলে সেইসব এলাকার ব্যাংক শাখাসমূহ বন্ধ থাকবে। তবে জরুরী প্রয়োজনে রাষ্ট্রায়তে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

তবে রোববার (১২ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় গত ১১ এপ্রিল শনিবার সিলেট জেলা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে মর্মে ঘোষণা করা হয়। ব্যাংকিং সেবা একটি জরুরি পরিষেবা হওয়ায় সকল তফশিলিলি ব্যাংক ঘোষিত লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।’

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার উপ পরিচালক আশরাফ শাহ মো. আশরাফ সিদ্দিকী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্তের পর তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এখনও হয়নি। আশাকরছি রাতের মধ্যেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে মোট ৫৭টি তফসিলভূক্ত ব্যাংক রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত