১২ এপ্রিল, ২০২০ ২৩:১৫
করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে সিলেট। সংক্রমণ ঠেকাতে চিকিৎসকরা বন্ধ রেখেছেন প্রাইভেট চেম্বার, বেসরকারি হাসপাতালগুলোতেও মিলছে না পর্যপ্ত সেবা। এতে বিপাকে পড়েছেন নগরীর বাসিন্দারা। জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
এই দূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। নগরীতে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে নগরবাসীর।
জানা যায়, গত বুধবার থেকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত নগরীর ২০ ও ২১ নং ওয়ার্ডে প্রায় ৬০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার (১২ এপ্রিল) নগরীর ১৯ নং ওয়ার্ডে চিকিৎসা সেবা দিয়েছেন কাউন্সিলর আজাদের এই ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এই মেডিকেল টিম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ১৫দিন এই সেবা প্রদান করবে। এখানে বিভিন্ন রোগের জন্য পরামর্শ, ব্যবস্থাপত্রের পাশাপাশি ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হয়। মেডিকেল টিমে রয়েছেন ২জন বিশেষজ্ঞ ডাক্তার। এর মধ্যে একজন মেডিসিন এবং অপরজন নাক কান গলা বিশেষজ্ঞ।
মেডিকেল টিমের উদ্যোক্তা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, করোনাভাইরাস আতঙ্কে নগরীর বেসরকারি বেশিরভাগ হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত সেবা দিচ্ছেন না। সাধারণ সর্দি, জ্বরের চিকিৎসা দিতো চিকিৎসকরাও আতঙ্কগ্রস্ত হচ্ছেন। যার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নিয়মিত ওষুধ সেবনকারী রোগীদের পাশাপাশি সাধারণ রোগ নিয়ে আসা রোগীরাও চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, শুধু যে চিকিৎসকরা আতঙ্কিত তা কিন্তু নয়। করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্ক রোগীদের মধ্যেও আছে। তাই রোগীরাও হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন। লকডাউনের কারণে সাধারণ যানবাহন বন্ধ তাই অনেকেই যানবাহনের অভাবে হাসপাতালে যেতে পারছেন না। তাই আমার মনে হয়েছে নগরবাসীর সেবার জন্য এই মুহূর্তে ভ্রাম্যমাণ মেডিকেল টিম প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি।
কাউন্সিলর আজাদ বলেন, নগরীর ২২টি ওয়ার্ডে একটি মেডিকেল টিম পর্যাপ্ত নয়। তাই আমি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলেছি। সিসিকের উদ্যোগে ৪টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করার জন্য। আমি মনে করি প্রতিটি ওয়ার্ড কাউন্সিলদের এ ব্যাপারে উদ্যোগী হওয়া প্রয়োজন। কারণ দিন শেষে এই নগরবাসীই আমাদের আপনজন।
আপনার মন্তব্য