নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২০ ১৫:৪৩

নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে সবজি

করোনা সঙ্কট মোকাবিলায় 'ভালোবাসায় বন্ধুতায়' এই স্লোগানে সিলেটে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করেছেন সংস্কৃতিকর্মীরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর জামতলা এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে নিরাপদ দূরত্ব মেনে সবজি বিতরণ করা হয়।

সংস্কৃতিকর্মীরা জানান, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মানুষের খাবারে শর্করা, ভিটামিনের অভাব রোধ করতে বিনামূল্যে এ সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি। তাই এ পর্যন্ত মোট তিন শতাধিক পরিবারে সবজি বিতরণ করা হয়েছে।

নিয়মিত এমন কার্যক্রম চলবে বলেও জানান তারা।

এছাড়াও গোপনীয়তা বজায় রেখে নিম্ন মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়েও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলে উদ্যোক্তারা জানান।

সরকারের পাশাপাশি বিত্তবান মানুষকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৮২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮০৩ জন। এছাড়া এই সময়ে আরও আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হলো।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারী ঠেকাতে ঘরে থাকার মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন নির্দেশনায় সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রেখে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর এটা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে তৃতীয় দফায় সেই ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত এক লাখ ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন তিন লাখ ৭৭ হাজার।

আপনার মন্তব্য

আলোচিত