নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২০ ১৮:০২

বানিয়াচংয়ে চাল ওজনে কম দেওয়ায় আ. লীগ নেতার ১ মাসের জেল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খোলা বাজারে ১০টাকা কেজির চাল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে নজরুল ইসলাম খান নামে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চমকপুর বাজারে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম খান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, সরকার ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির জন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান কাগাপাশা ইউপির ৪টি (১ থেকে ৪) ওয়ার্ডের ডিলার নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত ৫০৩ জনের কাছে ১০ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি করার কথা। কিন্তু নজরুল ইসলাম প্রত্যেককেই ওজনে চাল কম দিচ্ছিলেন। এ অভিযোগ পৌঁছে উপজেলা প্রশাসনের কাছে।

সোমবার বিকেল ৩টায় সহকারি কমিশনার মতিউর রহমান খান ও উপজেলা খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন সেখানে পৌঁছে ৪৩জন ক্রেতার চালের ব্যাগ ওজন করে দেখেন ৩০ কেজির স্থলে ৩ থেকে ৮ কেজি চাল কম দেওয়া হয়েছে। তিনি তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলার নজরুল ইসলাম খানকে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে তার ডিলারশীপ বাতিল করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

বানিয়াচঙ্গ উপজেলা সহকারি কমিশনার মতিউর রহমান খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত