তাহিরপুর প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০২০ ১৫:৫১

তাহিরপুরে বোরো ধান কাটা উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পহেলা বৈশাখ উপলক্ষে বোরো ধান কাটা উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শনির হাওরে ধান কাটা উদ্বোধনের সময় তিনি কৃষক ও ধান কাটা শ্রমিকদের মাঝে মাঝে মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিমা আক্তার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র, মনিরাজ শাহসহ স্থানীয় কৃষক ও শ্রমিক।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ পর্যন্ত হাওরে ৩০০ হেক্টর বোরো ধান পেকেছে আর ২০ হেক্টর ধান কাটা হয়েছে। যারা ধান কাটেন তাদের নিয়ে ১০৬টি টিম গঠন করা হয়েছে। তাদের সাথে কথা হয়েছে। আমাদের ধান কাটা মেশিন আছে, এছাড়াও গ্রামে থেকে যারা শহরে গিয়ে কাজ করত তারা শহর থেকে ফিরে এসেছে। বালুমহাল, শুল্ক স্টেশন বন্ধ থাকার শ্রমিকরা বাড়িতেই অবস্থান করছেন। তাদের ধান কাটায় লাগাতে পারলে শ্রমিক সংকট কমবে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, কৃষক, শ্রমিক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলা করতে হবে। তাই ধান কাটার সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটা, মাস্ক ও সাবান বিতরণ করেছি কৃষক ও শ্রমিকদের সচেতন করতে। আর শ্রমিক সংকট দূর করতে বালুমহাল, শুল্ক স্টেশনের শ্রমিকদের আহবান জানিয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত