১৫ এপ্রিল, ২০২০ ০১:৪২
ঢাকা থেকে ফেরার সময় নিজের স্ত্রী ও দুই সন্তানকে ঢাকার মিরপুর থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নিজ কর্মস্থলে নিয়ে এসেছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া। ঢাকা থেকে কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে আসায় স্থানীয় জনগনের মাঝে আতংক দেখা দিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি আনতে চালক মো. হানিফসহ ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে ঢাকায় যান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গাড়ি গ্রহণ করে ঢাকার মিরপুর বাসায় গিয়ে নিজ স্ত্রী ও দুই সন্তানকে সাথে করে গাড়ি যোগে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে উঠেন। এতে স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়।
এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একাধিক বার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম মঙ্গলবার রাতে বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাথে করে স্ত্রী-সন্তান আনায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, খবর পেয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রী এবং সন্তানদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চালকের বিষয়ে আপতত কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য