বানিয়াচং প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২০ ২০:৫৫

বানিয়াচংয়ে নারায়ণগঞ্জ ফেরত ৬৫ জনকে আটক করেছে পুলিশ

করোনা ভাইরাসের ‘ক্লাস্টার’ এলাকা নারায়ণগঞ্জ থেকে লকডাউন অমান্য করে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশের সময় ৬৫ জনকে আটক করেছে পুলিশ। এদেরকে আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে গোপনে বানিয়াচং উপজেলায় যাওয়ার পথে সাদকপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং বাকীরা নারী-শিশু।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ধ্রুবেশসহ একদল পুলিশ সদস্য তাদেরকে তাদেরকে আটক করে এনে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হস্তান্তর করেছেন।

এসআই ধ্রুবেশ জানান, ট্রাকটি দ্রুত গতিতে হবিগঞ্জ শহরে পৌঁছলে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে পেছনে ছুটে বানিয়াচং উপজেলার সাদকপুর এলাকায় গিয়ে এটিকে আটক করতে সক্ষম হই। এদের ৬ জনের বাড়ি বানিয়াচং উপজেলায় এবং বাকীদের অধিকাংশই আজমিরিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এসআই ধ্রুবেশ সিলেটটুডেকে জানান, আপাতত আটকদেরকে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হস্তান্তর করা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করা হবে।

গত কয়েকদিনে আড়াই শতাধিক লোকজন নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রবেশ করেছে। এদের মধ্যে আজমিরিগঞ্জ উপজেলার ৩৫টি পরিবারকে খাবার দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। বাকীদেরকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জেলা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

করোনা ভাইরাসের ‘ক্লাস্টার’ এলাকা নারায়ণগঞ্জ থেকে লকডাউন অমান্য করে ট্রাকযোগে হবিগঞ্জে প্রবেশের সময় ৬৫ জনকে আটক করেছে পুলিশ। এদেরকে আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত