মাধবপুর প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২০ ১৫:৫৬

মাধবপুরে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাস আতঙ্কে অসহায় কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করছেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১২০ জন ও দুপুরে দূর্গাপুর গ্রামের ১১০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সুলতানপুর গ্রামের গফুর মিয়া জানান, আতিক আমাদের সাবেক ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। আমাদের বিপদে তিনি পাশে এসে দাঁড়িয়েছেন, এরকম চেয়ারম্যান আমরা চাই।

প্রতিটি গ্রামে তিনি অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।

আন্দিউড়া ইউনিয়নের ইউপি সদস্য তাপস জানান, ইউনিয়নের সুখে-দুঃখে আতিক চেয়ারম্যানকে আমরা পাশে পাই। তিনি সাবেক হয়েও এলাকার অসহায় মানুষদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।

আতিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার দেশে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। সরকার করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে চলছে। সরকারিভাবে অসহায়দের সহায়তা করা হচ্ছে। লোক সমাগমে করোনার ঝুঁকি বাড়ে তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী অসহায় ও কর্মহীন পরিবারে গ্রামে গ্রামে গিয়ে বিতরণ করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, আমাদের নিজেদের জন্য নিজেকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নাই। নিজেকে নিজে কোয়ারেন্টিন করতে হবে। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দিতে হবে। আর প্রবাসীদের যারা ইতোমধ্যে দেশে এসেছে, তাদের কোয়ারেন্টিন থাকতে হবে। নিজেকে, নিজের পরিবারকে তথা সমাজ ও দেশকে সুরক্ষার জন্যই এই কোয়ারেন্টিনে থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত