সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০২০ ১১:৩৭

করোনা হেল্পলাইন গ্রুপের উদ্যোগে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ

২৬ মার্চ থেকে পুরো দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বলতে পুরো দেশ আজ লকডাউন। আর এই পরিস্থিতিতে অসংখ্য মানুষ অসহায় ও গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। দেশের এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের দাতা প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে প্রকাশ্যে ও গোপনে অনেকেই সাহায্য চালিয়ে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতায় কয়েকজন যুবক নিজস্ব উদ্যোগে অসহায় ও গৃহবন্দী মানুষের পাশে দাঁড়াতে গঠন করেছেন একটি ব্যতিক্রমধর্মী সংগঠন, যা "Corona Helpline গ্রুপ" নামে পরিচিত। আর এই সংগঠনের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে এই পর্যন্ত কর্মহীন, গরীব ও অসহায় ১৪৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার শহরের বিভিন্ন এলাকার গরীব ও অসহায় ৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

খাদ্য সহায়তা প্রদানের সময় করোনা হেল্পলাইন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ডা. সুজন পাল, আবির হাদি, এএসএম লায়েক, মামুন চৌধুরী প্রমুখ।

পাশাপাশি তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিচয় গোপন রেখে তাদের কাছে উপহার পৌঁছে দিচ্ছেন।

যারা তাদের অর্থ ও তথ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান গ্রুপের সদস্যরা। আগামীতেও তাদের সামর্থ্য অনুযায়ী এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান। পাশাপাশি সমাজের দাতা প্রতিষ্ঠান ও বিত্তবানদের এই দুর্যোগে গৃহবন্দী অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসার আহবানও জানান তারা।

উল্লেখ্য, এই গ্রুপের মাধ্যমে ডাক্তারদের টেলিমেডিসিন- লাইভ, হটলাইন, গ্রুপের কমেন্টস বক্স এবং ম্যাসেঞ্জার কল কিংবা ইনবক্সে ম্যাসেজের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। গ্রুপের কর্মীরা ঔষধ সামগ্রীও পৌঁছে দিচ্ছেন তাদের সামর্থ্য অনুযায়ী।

আপনার মন্তব্য

আলোচিত