২৮ এপ্রিল, ২০২০ ১৪:৫৪
সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনার উপদেষ্টা হিসেবে হিসেবে যুক্ত ছিলেন খ্যাতিমান প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সিলেটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।
মঙ্গলবার ভোরে ঢাকার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সিলেটের এই কৃতিসন্তান। গত ১৬ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশন ও সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ভাষাসৈনিক সম্মাননা অনুষ্ঠানে শেষবারের মতো সিলেট আসেন এই জাতীয় অধ্যাপক। ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
ড. জামিলুর রেজা চৌধুরীকে সিলেটের উন্নয়ন পরিকল্পনার মূল পরামর্শক উল্লেখ করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমন বিজ্ঞ প্রকৌশলী আর পাওয়া যাবে না। আমার আহ্বানে তিনি তিনি সিলেট সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তবে এজন্য কখনই কোনো সম্মানী নেননি।
বিজ্ঞাপন
তার অভাব পূরণ হওয়ার নয় উল্লেখ করে মেয়র বলেন, তিনি (জামিলুর রেজা) ছিলেন আমাদের অভিভাবক। সিলেটের উন্নয়নের ব্যাপারে আমাদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ, নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তার পরামর্শেই নগরীর ছড়া, সড়ক ও অবকাঠামো উন্নয়ন হচ্ছে। সুরমা নদীর খনন, নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন, নগর বর্ধিতকরণ নিয়েও তিনি বেশকিছু পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ শুরু না হলে হয়তো এতোদিনে এই কাজগুলো শুরু হয়ে যেতো। নগরীর উন্নয়নে আমাদের স্বপ্ন তা বাস্তায়নের মূল ব্যক্তি ছিলেন তিনি। সিলেটের জন্য ডাকলে কখনই তিনি না করতেন না।
১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট শহরে প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন নেছা চৌধুরীর পরিবারে জন্মগ্রহণ করেন জামিলুর রেজা চৌধুরী। পিএইচডি শেষে দেশে ফিরে আবার বুয়েটে শিক্ষকতা শুরু করেন জামিলুর রেজা চৌধুরী। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন তিনি।
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও স্থপতি রাজন দাশ বলেন, জামিলুর রেজা চৌধুরী ছিলেন একজন বড়োমাপের মানুষ। সকল বিষয়েই তাঁর গঠনমূলক ধ্যানধারণা ছিলো। সিলেটের অভিভাবক হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। সারাদেশের মতো এই জনপদের মানুষও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে যুগের পর যুগ।
আপনার মন্তব্য