২৮ জানুয়ারি, ২০১৫ ০৯:৩৯
পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া বাজার সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে তাজিম উদ্দিন (২০) ও পুলিশ সদস্য মঞ্জুর আহমদসহ ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহত সবার নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আখতার হোসেন একই ইউনিয়নের রাজনপুর গ্রামের জামাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক লোক আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মন্তব্য