সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০২৫ ০০:১২

বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাসদের শোক ও উদ্বেগ

খ্যাতিমান সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ মেঘনা নদী থেকে উদ্ধারের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।

শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘বিভুরঞ্জন সরকারের এই অপমৃত্যু জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও শোকাবহ ঘটনা। তিনি ছিলেন নীতিবান, সাহসী ও কলমনিষ্ঠ সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন আপোষহীনভাবে কাজ করেছেন তিনি।’

নেতৃদ্বয় বিভুরঞ্জন সরকারের এই অপমৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের আহ্বান জানান।

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহ আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম' ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত